আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে বা পর্বতের গুহায় বসবাস করত তখন তারা নিজেদের মধ্যে নানা রকম অঙ্গভঙ্গি বা ইশারার মাধ্যমে কথা বলত । ক্রমান্বয়ে মানুষ যখন অনেক কিছুর প্রয়োজন অনুভব করতে লাগল, অনেক কিছুর জানার আগ্রহ সৃষ্টি হল, তখন শুধুমাত্র চিত্র এঁকে তারা পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান শুরু করে । তা প্রায় ২৫ হাজার বছর আগের কথা । সে সময়কার মানুষের প্রধান পেশা ছিল জীবজন্তু শিকার করা । এসব জীবজন্তুর ছবি তারা তাদের গুহার দেয়ালে এঁকে রাখত । এরকম ছবি আঁকা আঁকি থেকেই কিন্তু মানুষ সর্বপ্রথম লেখালেখির ধারনা পায় । নানা রকম চিত্রকর্ম থেকেই সৃষ্টি হয় বিভিন্ন ধরনের লিপিমালার । বর্তমানেও কিছু কিছু অর্থবোধক চিহ্ন আমাদের চোখে পড়ে । যেমন অ্যারোমার্ক বা তীর চিহ্ন । এই দেখে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি।
১৮৭৯ সালের কথা । স্পেনে সাউটুওলা নামে এক প্রত্নতত্ত্ববিদ ( ঐতিহাসিক নির্মাণকৌশল বা ইমারত নিয়ে যারা গবেষনা করেন) বাস করতেন । একদিন তিনি ছোট মেয়ের হাত ধরে এক গুহায় প্রবেশ করলেন । উদ্দেশ্য পরীক্ষা-নিরীক্ষা । চার বছর আগেও তিনি এই গুহায় প্রবেশ করেছিলেন । কিন্তু তিনি তখন কিছুই দেখতে পান নি । এবারও তিনি কিছুই দেখতে পেলেন না । তবে ছোট মেয়েটির চোখে পড়ল ঠিকিই । গুহার ছাদ ছিল নিচু । সাউটুওলা মাথা নিচু করে পাথর খুঁজছিলেন । মেয়ের কোনো কাজ ছিল না । সে বাতি হাতে এদিক-ওদিক দেখছিল । হঠাৎ তার চোখে পড়ল গুহার ছাদের দিকে ।
ছাদে ওসব কি?
মেয়েটি চিৎকার করে উঠল ।
বাবা, টেরো টেরো ।
সাউটুওলা যে মাথা উঁচু করে দেখবেন তার উপায় নেই । তবু মেয়ের চিৎকারে ঘাড় বাঁকিয়ে তার দৃষ্টি অনুসরণ করলেন । ছাদের দিকে তাকিয়ে তিনি তো অবাক । চোখের পলক আর পড়ে না । ছাদ জুড়ে আঁকা রয়েছে নানান জন্তু-জানোয়ারের ছবি । টেরো শব্দের অর্থ ষাঁড় । আসলে মেয়েটি কতগুলো বাইসনের ছবি দেখেছিল । সাউটুওলার আনন্দ আর ধরে না । এত দিন যা তিনি যা খুঁজে ফিরেছেন, আজ সত্যি সত্যি তার সন্ধান পেলেন । তিনি গুহার আরো ভিতরে ঢুকলেন, সুড়ুঙ্গগুলো পরীক্ষা করলেন । আবিষ্কার করলেন আরো অনেক ছবি । প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে যাদের কথা যায় তঁদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট পাঁচ বছরের এই মেয়েটি ।
ওই গুহাটির নাম আলতামির । প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে পৃথিবীখ্যাত প্রাচীনতম গুহাগুলোর মধ্যে একটি । তখন এ গুহার নাম কেউ জানত না । পরিত্যক্ত মনে করে এর ধারের কাছে কেউ আসত না । একন এই গুহা সবার কাচ পরিচিত । প্রথম দিকে সাউটুওলা ও তার মেয়ের এই আবিষ্কার কেউই বিশ্বাস করে নি ।পরবর্তীকালে পণ্ডিতেরা একমত হয়েছেন যে, ঐ গুহাচিত্র ও গুহাশিল্প হাজার হাজার বছর আগেকার মানুষের সৃষ্টি ।



No comments:
Post a Comment